কলকাতায় হোটেলে আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

সাদিপুর বার্তা ডেস্ক: ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফশানা শিম্মিন (২৫), তিন বছরের শিশুসন্তান শর্ণশীষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলীর (৬৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়। বুধবার এই অগ্নিকাণ্ডের খবর কুষ্টিয়ায় পৌঁছালে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক দেবাশীষ দত্ত
কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক দেবাশীষ দত্ত 

নিহত দেবাশীষ দত্ত 'আজকের পত্রিকা' ও 'চ্যানেল নাইন'-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক 'আজকের আলো' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এর আগে তিনি এশিয়ান টেলিভিশন ও নাগরিক টিভিসহ একাধিক জাতীয় দৈনিকে জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত স্ত্রী, সন্তান ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতের বেঙ্গালুরু যান। সেখানে চিকিৎসা শেষে গত ১৮ আগস্ট তারা কলকাতায় ফেরেন এবং একটি আবাসিক হোটেলে অবস্থান নেন। ওই রাতেই হোটেলটিতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ও আগুনে পুড়ে পরিবারের চার সদস্যই মারা যান। ১৯ আগস্ট তাঁদের দেশে ফেরার কথা ছিল। দেবাশীষ দত্তের ৮ বছর বয়সী মেয়ে পাখি কুষ্টিয়ার বাড়িতে থাকায় সে বড় বিপদ থেকে রক্ষা পায়।

ভারতের সরকারি সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভি জানায়, কলকাতার ওই আবাসিক হোটেলের অগ্নিকাণ্ডে মোট ৯ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৮ জনই ছিলেন বাংলাদেশি নাগরিক। নিহতদের সবাই বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার পথে ওই হোটেলে অবস্থান করছিলেন।

সাংবাদিক দেবাশীষ দত্ত এবং তাঁর স্বজনদের আকস্মিক ও হৃদয়বিদারক প্রয়াণে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url