যুক্তরাজ্যে স্ত্রীর মিথ্যা ধর্ষণের মামলায় ৭ মাস জেল খাটলেন প্রবাসী বাঙালি, অবশেষে নির্দোষ খালাস

কালাম চৌধুরী (ইউকে):

পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর দায়ের করা মিথ্যা ধর্ষণের মামলায় সাত মাস কারাবাস শেষে অবশেষে নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি শামস উদ্দিন।

লন্ডনের Snaresbrook Crown Court ভবনের প্রতীকী ছবি এবং প্রবাসী শামস উদ্দিনের মামলার সংবাদ
লন্ডনের Snaresbrook Crown Court, যেখানে প্রবাসী শামস উদ্দিনের মামলার শুনানি অনুষ্ঠিত হয়। প্রতীকী ছবি।

দীর্ঘ ১০ বছরের বৈবাহিক জীবনে এই দম্পতির দুটি অবুঝ সন্তান রয়েছে। ঘটনার সূত্রপাত হয় স্ত্রীর কলেজে পড়াশোনাকে কেন্দ্র করে। সপ্তাহে তিন দিন কলেজে যাওয়া স্ত্রী হঠাৎ পাঁচ দিনই ক্লাস করার সিদ্ধান্ত নেন এবং সন্তানদের দেখভাল করার জন্য স্বামীর ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু শামস উদ্দিন সপ্তাহে পাঁচ দিন শিশুদের দেখাশোনা করতে অপারগতা প্রকাশ করলে দাম্পত্য জীবনে তীব্র কোন্দল তৈরি হয়।

পরবর্তীতে স্ত্রী তাঁর কলেজের শিক্ষকের কাছে এ বিষয়ে অভিযোগ জানান, যার পরিপ্রেক্ষিতে সামাজিক সেবা সংস্থা (সোশ্যাল সার্ভিস) ও সোশ্যাল ওয়ার্কাররা বিষয়টিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে টানা ১৩ দিন ধরে ধর্ষণের অভিযোগ এনে পুলিশে মামলা করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ শামস উদ্দিনকে গ্রেপ্তার করে এবং তিনি দীর্ঘ সাত মাস জেলে আটক থাকেন। বারবার জামিনের আবেদন করা হলেও তাঁকে জামিন দেওয়া হয়নি। লন্ডনের ঐতিহ্যবাহী স্নারেসব্রুক ক্রাউন কোর্টে (Snaresbrook Crown Court) টানা ১১ দিন এই মামলার শুনানি চলে। বিচারপ্রক্রিয়া ও মামলা পরিচালনায় শামস উদ্দিনকে প্রায় ২১ হাজার পাউন্ড খরচ করতে হয়।

অবশেষে শুনানি শেষে মাননীয় আদালত স্ত্রীর আনা ধর্ষণের অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে প্রমাণিত করে শামস উদ্দিনকে সসম্মানে নির্দোষ ঘোষণা ও খালাস প্রদান করেন।

অন্যায়ভাবে জেল খাটা ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া শামস উদ্দিন এখন এর প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ মামলা দায়ের করতে চান। এ বিষয়ে তিনি একজন অভিজ্ঞ সলিসিটর ও ব্যারিস্টারদের আইনি সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url