জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল সঈদপুর বাজার কামিল মাদ্রাসা
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সঈদপুর বাজার কামিল মাদ্রাসা।
রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার ও আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক এবং শিক্ষা পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু জাফর খান। সঈদপুর বাজার কামিল মাদ্রাসার পক্ষে এই অনন্য গৌরব ও মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন মাদ্রাসার অধ্যক্ষ (প্রিন্সিপাল) মুফতি মাওলানা আলী আক্কাছ মোল্লা।
মাদ্রাসার এই ঐতিহাসিক ও গৌরবময় অর্জনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রিন্সিপাল মুফতি মাওলানা আলী আক্কাছ মোল্লা বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের শিক্ষক মণ্ডলীর নিরলস পরিশ্রম, দেশ-বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের অকুন্ঠ সহযোগিতা, সুধীজনের মূল্যবান পরামর্শ এবং গভর্নিং বডির সদস্যদের সার্বক্ষণিক তদারকি। সর্বোপরি শিক্ষার্থীদের অদম্য প্রচেষ্টাই আজ আমাদের জাতীয় দরবারে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে।
এই অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যক্ষ আল্লাহর দরবারে সকলের এই সম্মিলিত প্রচেষ্টাকে কবুল করার জন্য বিশেষ দোয়া করেন। সঈদপুর বাজার কামিল মাদ্রাসার এই জাতীয় স্বীকৃতিতে গোটা নবীগঞ্জ তথা সিলেট বিভাগ জুড়ে আনন্দের বন্যা বইছে।

