হবে না ভর্তি পরীক্ষা: একাদশে অনলাইনে ভর্তি আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
চলতি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। বরাবরের মতো এবারও কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১০ নভেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ১২ নভেম্বর থেকে নতুন ক্লাস শুরু করার খসড়া পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে এই অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। নির্ধারিত ফি পরিশোধ করে শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। ফলের ওপর ভিত্তি করে মেধা ও পছন্দক্রম অনুযায়ী শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়া হবে।
গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের তথ্য অনুযায়ী, এবার ১১টি বোর্ডে ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে প্রায় ২৫ লাখ আসন খালি থাকায় অর্ধেকের বেশি আসন এবার শূন্য থেকে যাবে। তবে মোট আসন খালি থাকলেও আসন সংখ্যা সীমিত হওয়ায় পছন্দের প্রথম সারির কলেজগুলোতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে ১ লাখ ১৬ হাজারের বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের।
ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি নির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া দেশের বাকি সব কলেজ ও মাদ্রাসায় এই কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিেই ভর্তি সম্পন্ন হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণের খসড়া সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। মন্ত্রাণালয়ের ছাড়পত্র মিললেই চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
একাদশে ভর্তির জন্য কিভাবে আবেদন করবো?

