ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী পালন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ‘দৈনিক জৈন্তাবার্তা’র ওসমানীনগর প্রতিনিধি শেখ ফয়ছল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস।
![]() |
| ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল। |
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ‘দৈনিক সবুজ সিলেট’-এর ওসমানীনগর প্রতিনিধি উজ্জ্বল দাশ, ‘দৈনিক সকালের সময়’-এর ওসমানীনগর প্রতিনিধি ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আহমদ মালিক, যুবদল নেতা ও ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জিত ব্যানার্জি, ‘দৈনিক আলোকিত সকাল’-এর ওসমানীনগর প্রতিনিধি ও ‘দৈনিক সিলেটের ভোর’-এর পরিচালক সাজ্জাদ হোসেন, ‘দৈনিক অগ্রযাত্রা’র ওসমানীনগর প্রতিনিধি ও ‘ওসমানীনগর টাইম্স’-এর পরিচালক মো. সুয়েব আহমদ এবং ‘দৈনিক বিজয়ের কণ্ঠ’র ওসমানীনগর প্রতিনিধি আব্দুর রকিব আনু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান রূপকার ও মহান সেনাপতি। তাঁর দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম ও অসীম আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। বক্তারা নতুন প্রজন্মের কাছে তাঁর বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধের সঠিক চেতনা তুলে ধরতে গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে বঙ্গবীর জেনারেল ওসমানীর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

