পপি করের পডকাস্ট ‘ফোক স্টোরি’-র যাত্রা শুরু: প্রথম পর্বে বাউলশিল্পী শফি মন্ডল

বাংলা লোকসংগীতের ঐতিহ্য, দর্শন ও প্রথাগত সাধকদের আত্মজীবনভিত্তিক গল্প বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন যুক্তরাজ্যভিত্তিক সংগীতশিল্পী, গবেষক ও নির্মাতা পপি কর। 'পিকে মাল্টিমিডিয়া'-র নিবেদন ও প্রযোজনায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তাঁর নতুন সাক্ষাৎকারভিত্তিক পডকাস্ট সিরিজ ‘Folk Story with Popy Kar’।

‘Folk Story with Popy Kar’ পডকাস্টের প্রথম পর্বে প্রখ্যাত বাউলশিল্পী শফি মন্ডলের মুখোমুখি পপি কর
‘Folk Story with Popy Kar’ পডকাস্টের প্রথম পর্বে প্রখ্যাত বাউলশিল্পী শফি মন্ডলের মুখোমুখি পপি কর 

সিরিজটির প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের সমকালীন বাউলসংগীতের অন্যতম জনপ্রিয় ও প্রখ্যাত সাধক শফি মন্ডল।

পডকাস্টে একান্ত আলাপে শফি মন্ডল তাঁর দীর্ঘ সংগীতজীবনের স্মৃতি, গুরুপরা সংস্কৃতি ও বাউল জীবনের গভীরে প্রবেশের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। বাউল দর্শনের মূল কথা উল্লেখ করে তিনি বলেন, "বাউল হলো ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস আর বিনয় নিয়ে এক শুদ্ধ সত্যের সন্ধানে পথচলা। এখানে নিজের অহংকার ও মিছে গৌরবকে বিসর্জন দিয়ে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করতে হয়।"

আলাপচারিতায় লালন সাঁইজির মানবতাবাদী দর্শন, দেহতত্ত্ব, গুরুতত্ত্ব ও লালনগীতির আধ্যাত্মিক ব্যাখ্যা উঠে আসে। আধুনিক যুগের প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে শফি মন্ডল মত প্রকাশ করেন যে, প্রযুক্তির সুবিধা নেওয়া যেতে পারে, তবে খেয়াল রাখতে হবে যেন গানের মূল বাণী, সুর ও মাটির শেকড়ের রূপ কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। পাশাপাশি নতুন প্রজন্মকে লোকসংগীতের প্রতি অনুরাগী করতে প্রবাসেও বাংলা ভাষা ও সংস্কৃতির নিয়মিত চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।

পডকাস্টের প্রযোজক ও সঞ্চালক পপি কর জানান, প্রথাগত লোকশিল্পীদের কণ্ঠ, মূল্যবান জীবনগাথা ও আধ্যাত্মিক অভিজ্ঞতাগুলো ডিজিটালি নথিভুক্ত করে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই পডকাস্টের মূল লক্ষ্য।

সমগ্র পডকাস্ট পর্বটি এখন পপি করের অফিসিয়াল ইউটিউব চ্যানেল 'Popy Kar Official'-এ দেখা যাচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url