উস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন সংগীতসাধনা ও শৃঙ্খলার অনন্য প্রতীক: পপি কর
উপমহাদেশের রাগসংগীতের অন্যতম দিকপাল, সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সংগীতশিল্পী, গবেষক ও নির্মাতা পপি কর। ৬ সেপ্টেম্বর কিংবদন্তি এই সংগীতসাধকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মৃতিচারণমূলক বার্তায় তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
পপি কর উল্লেখ করেন, উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে উস্তাদ আলাউদ্দিন খাঁ এক অবিস্মরণীয় নাম। তাঁর নিরলস সাধনা, অনন্য শৃঙ্খলা ও গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্য বিশ্বসংগীতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলার মাটিতে জন্ম নেওয়া এই ক্ষণজন্মা সাধক সরোদসহ বহু বাদ্যযন্ত্রে অগাধ দক্ষতা অর্জন করেছিলেন। ঐতিহ্যকে বুকে ধারণ করে তাকে যুগোপযোগী ও সৃষ্টিশীল রূপ দেওয়াই ছিল তাঁর সংগীতদর্শনের মূল শক্তি।
![]() |
| উপমহাদেশের রাগসংগীতের প্রবাদপুরুষ উস্তাদ আলাউদ্দিন খাঁ এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনকারী সংগীতশিল্পী ও গবেষক পপি কর |
তিনি আরও বলেন, উস্তাদ আলাউদ্দিন খাঁর হাত ধরেই বিশ্বমঞ্চে শাস্ত্রীয় সংগীতের দ্যুতি ছড়িয়ে পড়েছিল। তাঁর সুযোগ্য শিষ্য ও সন্তান উস্তাদ আলী আকবর খাঁ, ভারতরত্ন পণ্ডিত রবিশঙ্কর এবং বিদুষী অন্নপূর্ণা দেবীর মতো বিশ্বখ্যাত শিল্পীরা ভারতীয় রাগসংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন।
সংগীতকে আত্মনিবেদন, কঠোর রেওয়াজ এবং মানবিক উৎকর্ষের সাধনা হিসেবে গণ্য করার যে দর্শন আলাউদ্দিন খাঁ রেখে গেছেন, তা আজকের দিনের তরুণ শিল্পী ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন পপি কর। মৃত্যুবার্ষিকীতে এই সুরসাধকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, খাঁ সাহেবের সৃষ্টিশীলতা ও সংগীতদর্শন প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বাতিঘর হয়ে বেঁচে থাকবে।

